• ঢাকা
  • | বঙ্গাব্দ
Photo

কর্ণফুলীতে হানিফ পরিবহনের বাসে অভিযান: ১৪ হাজার ইয়াবা ও ৮ কেজি হেরোইন উদ্ধার, আটক ৩


FavIcon
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
ছবির ক্যাপশন: মোঃ সাইফুল ইসলাম Photo

কর্ণফুলীতে হানিফ পরিবহনের বাসে অভিযান: ১৪ হাজার ইয়াবা ও ৮ কেজি হেরোইন উদ্ধার, আটক ৩


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ কেজি হেরোইন উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বাসের চালক, সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, কক্সবাজার থেকে একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন চট্টগ্রামের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন ক্রসিং এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে বাসটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে বাসটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে শহরের দিকে পালানোর চেষ্টা করে।
পরে ডিবির আভিযানিক দল বাসটিকে ধাওয়া করে আটক করে।

 এ সময় বাসে থাকা চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়। পরে উপস্থিত যাত্রীদের সামনে তল্লাশি চালিয়ে বাসের পেছনের বডির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. আলী হোসাইন ওরফে আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) এবং মুহাম্মদ রাশেল (৪৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কক্সবাজারে অজ্ঞাতনামা ২-৩ জনের কাছ থেকে এসব মাদক সংগ্রহ করে বাসের বডির ভেতরে বিশেষভাবে লুকিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বিক্রির উদ্দেশ্যে। এ ঘটনায় ব্যবহৃত হানিফ পরিবহনের বাসটিও জব্দ করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে। আটক আলী হোসাইন ওরফে আলী হোসেনের বিরুদ্ধে ঢাকার হাতিরঝিল থানায়ও একটি মামলা রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ডিবি পুলিশের দায়ের করা মামলায় আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।