সিইউএফএলে ট্রাকচালকদের সঙ্গে সংঘর্ষ, আহত ২ আনসার সদস্য
Saiful Isalm
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
সিইউএফএলে ট্রাকচালকদের সঙ্গে সংঘর্ষ, আহত ২ আনসার সদস্য
মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কারখানায় ট্রাক ধীরগতিতে চালানোর কথা বলাকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সিইউএফএলের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আনসার সদস্য মোহাম্মদ আলমগীর (৩৫) ও মানিক (২৯)। ঘটনার পর তাঁদের কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আনসার সদস্যদের অভিযোগ, কারখানার প্রধান ফটক দিয়ে দ্রুতগতিতে ট্রাক প্রবেশের সময় চালকদের ধীরগতিতে গাড়ি চালাতে বলা হয়। এ নিয়ে চালকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হলেও কিছুক্ষণ পর কয়েকজন ট্রাকচালক দলবদ্ধ হয়ে গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সিইউএফএলের আনসার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রব মাঝি বলেন, গেটের ভেতরে প্রবেশের সময় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য ট্রাকটি আস্তে চালাতে বললে চালকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ট্রাকচালকেরা দলবদ্ধ হয়ে গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আনসার সদস্যদের দাবি, সংঘর্ষের সময় ট্রাকচালকদের সঙ্গে কয়েকজন বহিরাগতও যোগ দেন। খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, সিইউএফএলের ভেতরে ট্রাকচালক ও আনসার সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিন উদ্দিন বলেন, ঘটনার পর উভয় পক্ষকে তাঁর কার্যালয়ে ডেকে বিষয়টি সমাধান করা হয়েছে। শিল্পকারখানা এলাকায় এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :